বিশেষ প্রতিবেদন :
অভিযান ০১:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর , রাঙ্গামাটি-তে কাপ্তাই-কারিগরপাড়া-বিলাইছড়ি রাস্তা নির্মাণে কমিশন বাণিজ্য, টেন্ডার জালিয়াতি ও ভুয়া বিল উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এনফোর্সমেন্ট টিম নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, রাঙ্গামাটির দপ্তর হতে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদি সংগ্রহ ও পর্যালোচনা করে। পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সরেজমিনে কাপ্তাই-কারিগরপাড়া-বিলাইছড়ি রাস্তা পরিদর্শন করে। টিম প্রয়োজনীয় রেকর্ডপত্র পর্যালোচনা এবং নিরপেক্ষ প্রকৌশলীর প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে সার্বিক পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
অভিযান ০২:
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে নানাবিধ হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বাগেরহাট হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে টিম সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে। টিম রোগীদের প্রদত্ত ওষুধ ও খাবারের মান পর্যবেক্ষণ করে এবং কয়েকজন সেবাপ্রার্থীর বক্তব্য গ্রহণ করে। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ উপস্থিত কয়েকজন চিকিৎসকের বক্তব্য নেওয়া হয় এবং সেবার মানোন্নয়নে পরামর্শ প্রদান করা হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযান ০৩:
রাজবাড়ি জেলার বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ঘুস দাবি ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম ছদ্মবেশে দলিল লেখকদের নিকট জমি রেজিস্ট্রেশনের খরচ সম্পর্কে জানতে চাইলে তারা সরকার নির্ধারিত ফি-এর চেয়ে বেশি খরচ করতে হবে মর্মে জানান। টিম এরূপ অতিরিক্ত অর্থ দাবিকারীদের তালিকা সংগ্রহ করে। পরবর্তীতে সেবা নিতে আসা গ্রাহকদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে কথা বলা হয়। সেবার মানোন্নয়নের নিমিত্ত বর্ণিত কার্যালয়ে সরকার নির্ধারিত ফি সিটিজেন চার্টারে প্রদর্শিত রাখার বিষয়টি নিশ্চিত করে টিম। এছাড়াও অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে হয়রানি ও ঘুস দাবির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে দুদক টিম। গ্রাহক হয়রানি সংক্রান্ত বিষয়ে সাব-রেজিস্ট্রারকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।