বিশেষ প্রতিবেদন :
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলা উপলক্ষে “নিরাপত্তা সমন্বয় সভা” অনুষ্ঠিত।
আজ ২০ অক্টোবর ২০২৫ খ্রিঃ (সোমবার) বিকাল ৩.০০ ঘটিকায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের মধ্যকার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক “নিরাপত্তা সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির মহোদয়।
সভায় আগত স্টেকহোল্ডারগণ মাঠ পর্যায়ের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দর্শক প্রবেশ ও বহির্গমন, খেলোয়াড়দের নিরাপত্তা, জরুরি চিকিৎসা সহায়তা এবং গণযোগাযোগ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত প্রদান করেন।
প্রধান অতিথি জনাব মোঃ হুমায়ুন কবির সভায় উপস্থিত বিভিন্ন স্টেকহোল্ডারদের বক্তব্য ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং পরবর্তীতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মাঠ পর্যায়ের নিরাপত্তা সদস্যদের পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার, বিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহমেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপি’র বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রতিনিধিবৃন্দ।