বিশেষ প্রতিবেদন :
দেশ রক্ষার শপথে উদীয়মান নাবিকদের গৌরবময় সূচনা – বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ সমাপ্ত
বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপ্তিকে ঘিরে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আজ অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। অনুষ্ঠানে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার প্রদান করেন। এ ব্যাচের মধ্যে রিজান মোল্যা সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে ‘নৌপ্রধান পদক’ লাভ করে। এছাড়াও, কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মোঃ মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ এবং মোঃ হাসান আলী ‘শের-ই-বাংলা পদক’ অর্জন করেন।
প্রধান অতিথি সম্মানিত নৌবাহিনী প্রধান তাঁর ভাষণে স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, অকুতোভয় নৌ কমান্ডোদের ত্যাগ এবং জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি নবীন নাবিকদের আধুনিক ও ত্রিমাত্রিক নৌবাহিনীর দায়িত্ব পালনে নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান। তিনি আশা ব্যক্ত করেন যে এই নবীন নাবিকরা দেশের বিশাল সমুদ্রসীমা রক্ষায় ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশ সেবায় নবীন নাবিকদের এই যাত্রা হোক সম্মান, গৌরব ও দায়িত্ববোধে পরিপূর্ণ।