বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম মেডিকেল কলেজে (সাউদার্ন মেডিকেল) ভর্তি করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।
ভুক্তভোগী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেহজাবিন আক্তার এর লিখিত এজাহারের ভিত্তিতে খুলশী থানার মামলা নং-০৯, তারিখ- ১২/১২/২৫ইং, ধারা-৪৬৫/৪৬৮
/৪৭২/৪০৬/৪২০ পেনাল কোড রুজু হয়। এজাহারে উল্লেখ করা হয় যে, আসামি মেডিকেলে ভর্তি করিয়ে দেওয়ার নামে ভুক্তভোগীর নিকট থেকে মোট ২৭,৫৪,০০০/- (সাতাশ লক্ষ চুয়ান্ন হাজার) টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন।
এজাহারের বিবরণ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে সাউদার্ন মেডিকেলে ভর্তি নিশ্চিত করার আশ্বাস প্রদান করে একাধিক ধাপে উক্ত অর্থ গ্রহণ করেন। কিন্তু নির্ধারিত সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগী প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে আইনের আশ্রয় গ্রহণ করেন। এপ্রেক্ষিতে
সিএমপির খুলশী থানার একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে গত ০৫/০১/২০২৬ ইং তারিখে নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকা থেকে এজাহারনামীয় আসামি মোঃ গোলাম রাব্বানী জুয়েল (৪১), পিতা: গোলাম মৌলা চৌধুরী, মাতা: মৃত শামসুন্নাহার, স্থায়ী ঠিকানা: উত্তর মোহাম্মদপুর, ৭নং ইউপি, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী, বর্তমান ঠিকানা: লাইফ স্কয়ার হাসপাতাল, কাদরা, ৩নং ওয়ার্ড, সেনবাগ পৌরসভা, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি প্রতারণার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।