বিশেষ প্রতিবেদন :
আসন্ন পবিত্র ঈদ-উল আযহা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে সড়ক পথে যাতায়াতকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্তে নিরাপত্তামূলক বিশেষ সভা অনুষ্ঠিত।
অদ্য ১৮/০৫/২০২৬ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষ্যে সড়ক পথে যাতায়াতকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে সড়ক নিরাপত্তামূলক বিশেষ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়।
এ সময় তিনি আসন্ন পবিত্র ঈদ-উল আযহা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করেন। আলোচনাকালে তিনি সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কার্যকর ভূমিকা, সড়কে খেলাপি মোটরযান, বিধিনিষেধ আরোপকৃত মোটরযান, ঝুঁকিপূর্ণ মোটরযান এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরযান চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। এছাড়াও আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ সম্পর্কে সকলকে অবহিত করেন।
পদক্ষেপ ও সিদ্ধান্তসমূহ:
১. যানবাহনের বিদ্যমান ভাড়ার চার্ট গণপরিবহনের দৃশ্যমান স্থানে এবং বাস টার্মিনাল/স্ট্যান্ডে বিলবোর্ডে প্রদর্শন করা।
২. আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম শহরের দামপাড়া, অলংকার, একে খান, ইপিজেড, বন্দর, কাঠগড়, অক্সিজেন মোড়, বহদ্দারহাট, শাহ আমানত ব্রিজ এলাকা, কদমতলী টার্মিনালসহ বিভিন্ন স্থান হতে ছেড়ে যাওয়া ও আগত মোটরযানের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা এবং মোটরযানে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
৩. লক্কর-ঝক্কর, ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ির চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
৪. পণ্যবাহী মোটরযানে যাত্রী পরিবহন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
৫. ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে “মোটরযান গতিসীমা নির্দেশিকা, ২০২৪”-এ উল্লেখিত নির্ধারিত গতিসীমা অনুযায়ী বিভিন্ন মোটরযানের চলাচল নিশ্চিত করা। সড়ক/মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা নির্দেশক পর্যাপ্ত সাইন/সাইনবোর্ড স্থাপন করা।
৬. আসন্ন ঈদের আগের ০৩ (তিন) দিন ও পরের ০৩ (তিন) দিন অর্থাৎ ২৫-০৫-২০২৬ থেকে ৩১-০৫-২০২৬ তারিখ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা। তবে কোরবানির পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন, ওষুধ, বন্দরের মালামাল পরিবহনে নিয়োজিত যানবাহন এবং গার্মেন্টস পণ্যবাহী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
৭. সিএমপি, বিআরটিএ এবং মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক ভিজিল্যান্স টিম ও মনিটরিং টিম গঠন।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম ) জনাব নিষ্কৃতি চাকমা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব মোঃ রইছ উদ্দিন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব কবীর আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ আলমগীর হোসেন; উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব মোঃ আমিরুল ইসলাম সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট স্টকহোল্ডার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।