বিশেষ প্রতিবেদন :
ঈদুল আজহাকে সামনে রেখে যশোরে ছিন্নমূল নারীদের জন্য ব্যতিক্রমধর্মী মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে প্রায় চার শতাধিক নারীর জন্য বিশেষ খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে তাদের খাবার পরিবেশন করেন।
এডুকেশন চ্যারিটেবল হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ও ইমদাদ সিতারা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। ঘরোয়া পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে ছিন্নমূল নারীদের অতিথি হিসেবে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে জেসমিন খাতুন নামের এক নারী তার অনুভূতি প্রকাশ করে জানান, তিনি এর আগে কখনো এমন জায়গায় আসেননি। এমনকি আগে কখনো কেউ তাকে অতিথি হিসেবে আমন্ত্রণও জানাননি। প্রতিমন্ত্রী নিজ হাতে খাবার পরিবেশন করায় তিনি খুব খুশি হয়েছেন।
নাজমা বেগম নামের আরেক নারী বলেন, পোলাও, রোস্ট, ডিমের কোরমা ও গরুর মাংস খেয়েছেন। অনেক দিন এমন খাবার খাওয়া হয়নি। ঈদেও কখনো এভাবে খাওয়ার সুযোগ পাননি বলে জানান তিনি।
এডুকেশন চ্যারিটেবল হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের প্রকল্প কর্মকর্তা আব্দুল কাদের বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে ছিন্নমূল নারীদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর পরামর্শে এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সমাজের বিত্তবান মানুষ ও মানবিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে উৎসবের সময় কেউ নিজেকে একা মনে করবে না। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সবার ঘরে ঈদের আনন্দ পৌঁছে দেয়া সম্ভব বলে করেন তিনি।
আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন আল মামুন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নূর।