বিশেষ সংবাদ :
(রূপগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার।
একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে। এ কারণেই ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
২৫ জুন বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় ‘বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুল’-এর নামে জমি দান, ভিত্তিপ্রস্তর স্থাপন ও খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি দিপু বলেন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিগত সরকার শিক্ষার নামে প্রহসন করেছে। ফলে গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান সরকার সেই ক্ষতি কাটিয়ে একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন বিএনপি সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন,সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, আবুসাদাত সায়েম,মুজিবুর রহমান ভুইয়া, মফিদুল ইসলাম শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে নবনির্মিত খেলার মাঠের উদ্বোধন এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমের শুভসূচনা ঘোষণা করা হয়।