বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল ৯.৩০টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) এর সহধর্মিনী জনাব সালমা আক্তার পলাশ।
উদ্বোধনকালে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আয়োজকবৃন্দসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, আমরা সব সময় সহ-শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করি, এর মধ্যে ক্রীড়া অন্যতম। ক্রীড়াকে আমরা সব সময় উৎসাহিত করি, যাতে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হয়। আমাদের অনেক কৃতি ক্রীড়াবিদ রয়েছে, তারা এ বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনতেছে। অনেক কৃতী ক্রীড়াবিদ অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে এ বিশ্ববিদ্যালয়ের এম্বাসেডর হিসেবে কাজ করছে। উপাচার্য আরও বলেন, মেডেল পাওয়া বড় কথা নয় আমরা যেন বলতে পারি অলিম্পিক গেমসে বিশ্ববিদ্যালয়ের কৃতী ক্রীড়াবিদরা অংশগ্রহণ করতে পেরেছে। তিনি বলেন, খেলাধুলা ও শরীরচর্চা সুস্থ শরীর গঠনে সহায়ক ভূমিকা পালন করে এবং নিয়ম-শৃঙ্খলা শেখাতে অগ্রণী ভূমিকা পালন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের পতাকা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা এবং হলের প্রভোস্ট হল পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ মার্জিনা খাতুন। বিচারকদের পক্ষে চবি বিজয় ২৪ হলের সম্মানিত প্রভোস্ট প্রফেসর ড. জান্নাত আরা পারভীন এবং ক্রীড়াবিদদের পক্ষে আফিফা নওরিন সামিহাকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। শামসুন নাহার হলের আবাসিক শিক্ষক জনাব আহসান উল্লাহ রাফি এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ নাঈমা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শামসুন নহার হল সংসদের সহ-সভাপতি (ভিপি) ফাইরোজ ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোনতাহিনা স্বর্না ও সোনিয়া পারভীন লাকি। প্রথম ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন উপাচার্য, বিশেষ অতিথি ও হলের প্রভোস্টসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিফতাহুল জান্নাত ও পবিত্র গীতা থেকে পাঠ করেন হল সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক পিংকী রানী সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব হাবিবুর রহমান জালাল।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চবি বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, শামসুন নাহার হল সংসদের ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply