বিশেষ সংবাদ :
(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ)
মার্কেট মালিক ও পুলিশের ছত্রছায়ায় ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখল করে অবাধে বসছে হকার। বিশেষ করে মার্কেট ও শপিং কমপ্লেক্সগুলোর সামনের ফুটপাতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত পসরা সাজিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন শত শত ভাসমান হকার ব্যবসায়ীরা । এতে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং যান চলাচলেও সৃষ্টি হচ্ছে বিঘ্ন।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী কিছু মার্কেট মালিক ও ব্যবসায়ী নেতাদের নীরব সমর্থন এবং তাদের ছত্রছায়ায় এসব হকার দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আসছেন। ফলে প্রশাসনের মাঝে মাঝে উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও উচ্ছেদের পর আবার আগের অবস্থায় ফিরে আসে ফুটপাত।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন মার্কেটের সামনে হালিম, ভ্রাম্যমান ফাস্টফুড এর দোকান, চটপটি, পিঠা, মোবাইল, পোড়া মুরগির দোকান, পোশাক, ফলমূল, জুতা, প্রসাধনীসহ নানা পণ্যের দোকান বসানো হয়েছে। ফুটপাতের অধিকাংশ অংশ দখল হয়ে যাওয়ায় পথচারীরা বাধ্য হয়ে মহাসড়ক দিয়ে চলাচল করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য নির্মিত হলেও বর্তমানে তা হকারদের নিয়ন্ত্রণে চলে গেছে। অনেক ক্ষেত্রে হকারদের কাছ থেকে মার্কেট মালিক ও পুলিশের নিয়মিত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। দেশের বিভিন্ন শহরে ফুটপাত দখল ও হকার সমস্যার কারণে পথচারীদের দুর্ভোগ এবং যানজট বৃদ্ধির বিষয়টি বহুবার আলোচনায় এসেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি যে সকল জায়গায় ফুটপাত বসিয়েছিল সে সব জায়গায় ফুটপাতে রয়ে গেছে।
সচেতন মহল মনে করছে, ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি, কার্যকর উচ্ছেদ অভিযান এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে জনদুর্ভোগ আরও বাড়বে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা জানান, ফুটপাত দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।##