বিশেষ সংবাদ :
(রূপগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মোজাম্মেল প্রধান (৪৫) ও সাব্বির আহমেদ (১৮)
নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী গন্ধর্ববপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন, উপজেলার তারাবো পৌরসভার তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান ও একই এলাকার আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালের দিকে সিটি গ্রুপের অটো রাইস মিলে শ্রমিকরা কাজ করছিল। হঠাৎ করে সকাল সাড়ে ৬ টার দিকে অটো রাইস মিলে ব্রয়লারের ভাট্টি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় মোজাম্মেল ও সাব্বির নামে দুই শ্রমিক দগ্ধ হয়। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়েছে।
এ ব্যাপারে সিটি গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা সাংবাদিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি এবং কোন প্রকার কথা বলতে রাজি হয়নি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।