বিশেষ প্রতিবেদন:
অভিযান ০১:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, কার্ডিওলজি বিভাগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে বিনা রশিদে অর্থ আদায় ও আত্মসাৎ, ওষুধের মজুতে গরমিল এবং অতিরিক্ত মূল্যে চিকিৎসাসামগ্রী ক্রয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও সেবাকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং রোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করে। প্রাথমিক পর্যবেক্ষণে কার্ডিওলজি বিভাগের ইসিজি ও ইকো পরীক্ষার ফি আদায় এবং সেবা প্রদানে ব্যাপক অনিয়মের চিত্র পাওয়া যায়। ইকো পরীক্ষার ফি আদায়ের ক্ষেত্রেও যথাযথ রেজিস্টার এন্ট্রি না করার প্রমাণ পাওয়া যায়; এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এছাড়া, ইকো কার্ডিও রুমে সংশ্লিষ্ট মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল টেকনিশিয়ানের বিরুদ্ধে নির্ধারিত ফি’র অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের মাধ্যমে তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সাধারণ রোগীদের পরীক্ষার তারিখ দুই থেকে চার দিন পর নির্ধারণ করা হলেও অতিরিক্ত অর্থ প্রদানকারীদের তাৎক্ষণিক সেবা দেওয়া হতো বলে জানা যায়।
অপর অভিযোগের বিষয়ে হাসপাতালের ১৩৮ নম্বর বহির্বিভাগ ওষুধ বিতরণ কেন্দ্র পরিদর্শনকালে স্টক রেজিস্টার যথাসময়ে হালনাগাদ না করার প্রবণতা এবং বাস্তব মজুতের সঙ্গে রেজিস্টারের গরমিল পাওয়া যায়। একইভাবে কেন্দ্রীয় স্টোরে দায়িত্বপ্রাপ্ত স্টোর কিপারের উপস্থিতিতে ওষুধের মজুত যাচাই করে রেজিস্টারের সঙ্গে বাস্তব মজুতের গরমিল পাওয়া যায়। এছাড়া, সরবরাহকৃত কয়েকটি ওষুধের প্যাকেটে ‘সরকারি সম্পত্তি, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়’ মর্মে চিহ্ন বা সিল না থাকায় সেগুলো বাহিরে বিক্রি করা হওয়ার সুযোগ রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযানকালে বিভিন্ন পণ্য ও চিকিৎসাসামগ্রীর সরবরাহকৃত পণ্যের ক্রয়মূল্য যাচাইয়েও উল্লেখযোগ্য অসংগতি পরিলক্ষিত হয়। সংশ্লিষ্ট চালান পর্যালোচনায় দেখা যায়, কয়েকটি পণ্য বাজারমূল্য বা গায়ে মুদ্রিত খুচরা মূল্যের তুলনায় প্রায় দেড় থেকে তিন গুণ বেশি দামে ক্রয় করা হয়েছে।
এছাড়া, সরবরাহকৃত ওষুধ ও ইনজেকশনের প্যাকেটে সরকারি ব্যবহারের জন্য সংরক্ষিত মর্মে প্রয়োজনীয় সিল বা চিহ্ন না থাকার বিষয়টিও পরিলক্ষিত হয়। অভিযানকালে সংগৃহীত তথ্য-উপাত্ত, ওষুধের মজুদ সংক্রান্ত নথি, ক্রয়সংক্রান্ত চালান এবং প্রাপ্ত রেকর্ডপত্র বিস্তারিত যাচাই-বাছাই ও বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযান ০২:
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) ই/এম প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, সরঞ্জাম ক্রয়ের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল প্রদানের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ওভারটাইম বিলসংক্রান্ত বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে তাতে প্রাথমিকভাবে নানাবিধ অসংগতি দেখতে পায়। এছাড়া, ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি এবং সরঞ্জাম ক্রয়ের নামে ভুয়া বিল-ভাউচার তৈরির অভিযোগ যাচাইয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্য-উপাত্ত, রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযান ০৩:
ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের যোগসাজশে পাসপোর্ট সেবা প্রদানে হয়রানি, সরকারি নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়, আবেদন গ্রহণে অনিয়ম ও সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে অফিসের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগসংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালককে অভিযোগ সম্পর্কে অবহিত করে অফিসের বাইরে দালালদের তৎপরতা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সঙ্গে তাদের সম্ভাব্য যোগসাজশের বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি সেবাগ্রহীতাদের নির্বিঘ্নে সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। অভিযানকালে সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনাপূর্বক টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
;অভিযান ০৪:
শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ভূমি অফিসে নামজারি কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায় ও সেবাপ্রার্থীকে হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মূলনা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ভুক্তভোগী নামজারি আবেদন দীর্ঘদিন আটকে রাখেন এবং পরবর্তীতে দালালের মাধ্যমে তাঁর কাছ থেকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশিত হওয়ার পর তাঁকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিলাসপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে বলে টিম জানতে পারে। অভিযানকালে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।