বিশেষ প্রতিবেদন :
২৫ নভেম্বর ২০২৬, বুধবার
রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটির (সনাক) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
সভায় রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাকের প্রতিনিধিরা দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা, পুলিশ প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই সততা ও নৈতিকতার চর্চা শুরু করা প্রয়োজন। দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর পরিচালনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি গার্ল গাইডসের মাধ্যমে প্রায় পাঁচ হাজার ছাত্রীকে দুর্নীতিবিরোধী সচেতনতা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা হচ্ছে। দুর্নীতি রাতারাতি নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে তাঁরা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমে পুলিশ বাহিনীর সম্পৃক্ততা বাড়ানো, গণশুনানির আয়োজন এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) কার্যকর করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
পুলিশ প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন,, সরকারি কেনাকাটায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতি অনুসরণ এবং পদায়ন ও নাগরিক সেবা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্নীতি বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে পুলিশ ও নন-পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইভাবে ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।
পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা তুলে ধরে পুলিশ কমিশনার বলেন, পুলিশ সদস্যদের প্রতিদিন ন্যূনতম ১২ ঘণ্টা বা তারও বেশি সময় দায়িত্ব পালন করতে হয়। অথচ দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য সহায়তার ঘাটতি রয়েছে। বিশেষ করে রাতের পালায় দায়িত্ব পালনকারী সদস্যদের খাবার গ্রহণে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর কোনো পুলিশ সদস্য সাময়িক বিশ্রাম নিলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়। এতে পুলিশের বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়।
নাগরিকদের আইন মেনে চলার প্রবণতা প্রসঙ্গে তিনি বলেন, হেলমেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো, শব্দদূষণ সৃষ্টি এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা সমাজে রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে অনেক ক্ষেত্রে তাঁরা নিজেদের অপরাধ বিবেচনা না করে উল্টো পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। দেশের প্রায় ২ লাখ ২০ হাজার পুলিশ সদস্যের পক্ষে বিপুল জনসংখ্যার একটি দেশের সব অপরাধ এককভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিকদের সচেতনতা, সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করাই যথেষ্ট নয়; তাদের মধ্যে সততা, নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধও গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও কার্যকর আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় পুলিশ প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি পুলিশ সদস্যদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি, নাগরিকদের মধ্যে আইন মেনে চলার মানসিকতা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানো প্রয়োজন। একটি সুশৃঙ্খল, নিরাপদ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে পুলিশ ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (মতিহার) মীর মো. শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএম। এ ছাড়া রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সনাকের সভাপতি অধ্যাপক ড. দীপেন্দ্র নাথ দাসসহ উভয় সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।