বিশেষ সংবাদ :
রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল উইনসেরেক্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটের দিকে উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামালনগর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা সদর উপজেলার মজলিশপুর গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে মো. মনির হোসেন (৪০), যশোরের চৌগাছা উপজেলার সিংহজুলি গ্রামের মো. জামিল হোসেনের ছেলে মো. রাব্বী হোসেন (২৬) এবং মনির হোসেনের স্ত্রী মোসা. আমেনা বেগম (৩৬)। তাঁরা সবাই কামালনগর এলাকায় বসবাস করেন।
থানা পুলিশ জানায়, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) আবু সাদেকের নেতৃত্বে কামালনগর এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় মনির হোসেনের একতলা ভবনের পশ্চিম পাশের একটি কক্ষ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল উইনসেরেক্স উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।