বিশেষ প্রতিবেদন :
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (BJS) অফিসারদের জন্য মিলিটারি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ-৮৪ পরিচালনা
ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার): গত ০৩ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত (৬ সপ্তাহ) বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (BJS) অফিসারদের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সামরিক অভিযোজন প্রশিক্ষণ পরিচালিত হয়। যুদ্ধ ও শান্তি উভয় অবস্থায় বেসামরিক এবং সামরিক প্রশাসনের মধ্যে কার্যকরী কর্মসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই ধারাবাহিক প্রশিক্ষণটি পরিচালিত হয়ে আসছে। প্রশিক্ষণের মূল লক্ষ্য হল BCS এবং BJS অফিসারগণকে বাংলাদেশ সেনাবাহিনী সহ সামগ্রিকভাবে সশস্ত্র বাহিনী এর সংগঠন, সামরিক রীতিনীতি, বিভিন্ন সামরিক প্রতিষ্ঠানের ভূমিকা, সক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে পরিচিত করা।
এ বছর প্রশিক্ষণে বিসিএস প্রশাসনের ১২ জন, বিসিএস পুলিশের ১৭ জন, বিসিএস আনসার এর ৩ জন, এবং বিজিএস এর ২৯ জন সহ মোট ৬১ জন অফিসার অংশগ্রহণ করেন। গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ প্রশিক্ষণটির সমাপনী অনুষ্ঠান ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি। প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলের মধ্যে সনদপত্র বিতরণ করেন এবং সমাপনি বক্তব্য রাখেন।