বিশেষ সংবাদ :
(রূপগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুশুরি বৈরাগবাড়ি এলাকার বেদখল খাল ও রেকর্ডকৃত রাস্তা উদ্ধার এবং তাদের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
২৭জুন শনিবার রূপগঞ্জ-মুশুরি-ইছাপুরা সড়কে তারা এ বিক্ষোভ ও মানবন্ধন করেন। মানববন্ধনে ছাত্র-ছাত্রী, নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। মুশুরি বৈরাগবাড়ি মসজিদের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান।
সভায় বক্তব্য রাখেন মুশুরি গ্রামের বাসিন্দা আব্দুল মতিন, আব্দুল রউফ, পারভেজ আহমেদ, মনির মুন্সী, জাকারিয়া, সুজন মিয়া, নুরুল হক, তারাজ উদ্দিন, ইসলাম উদ্দিন, লোকমান হোসেন, জুলহাস মিয়া, দিনু মিয়া, তোতা মিয়া, তরিকুল ইসলাম, গোলজার হোসেন, রিফাত আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুশুরি বৈরাগবাড়ি এলাকার সাহাপুর-মুশুরি-বৈরাগবাড়ি খাল বেদখল হয়ে গেছে। মুশুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়-ছৈয়ালবাড়ি-বৈরাগবাড়ি সরকারি হালট গ্রামীণ রাস্তা বালি ভরাট করে দখলে নেওয়া হয়েছে। রূপগঞ্জ-বাঘবের সড়কের মুশুরি থেকে বৈরাগবাড়ি পর্যন্ত পাকা রাস্তার অধিকাংশই বালু ভরাট করে দখলে নেওয়া হয়েছে।
আবাসন প্রকল্প মুশুরি বৈরাগবাড়ি গ্রাম গিলে খাচ্ছে। জীবন দিব তবুও বসতভিটা ছাড়বো না। আবাসন প্রকল্পের গ্রাস থেকে বৈরাগবাড়িকে রক্ষা করতে হবে। আবাসন প্রকল্পের সৃষ্ট জলবদ্ধতা অবিলম্বে নিরসন করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।