বিশেষ সংবাদ :
(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)
সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকিমূলক অভিযানে দুই দোকানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মেহেদী হাসান তানভীর এবং ক্যাব জেলা শাখার নির্বাহী সদস্য জি এম ইমতিয়াক জামিল।
অভিযান পরিচালনাকালে গোয়ালডাঙ্গা বাজারের মুদি ব্যবসায়ী ‘দে ব্রাদার্স’-এর মালিক সুভাষ দে-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ১ হাজার টাকা এবং ‘শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার’-এর মালিক গোপাল মজুমদারকে ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে বাজারে অভিযানের খবর ছড়িয়ে পড়লে অধিকাংশ মুদি ও ঔষধের দোকান বন্ধ করে সটকে পড়েন ব্যবসায়ীরা। হঠাৎ দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় বাজারে কেনাকাটা করতে আসা সাধারণ ভোক্তারা চরম ভোগান্তি ও বিপাকে পড়েন। অসাধু ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ডে উপস্থিত ক্রেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে এলাকার সচেতন মহলের দাবি, অভিযান চলাকালীন এভাবে ব্যবসায়ীদের দোকান বন্ধ করে পালিয়ে যাওয়া বন্ধ করতে প্রশাসনকে আরও কঠোর ও সতর্ক ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষকে অসাধু চক্রের হাত থেকে বাঁচাতে নিয়মিত ও ঝটিকা তদারকি জোরদার করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতি জোর আহ্বান জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ।