বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ এবং এ কে খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৮ম এ কে খান মেমোরিয়াল ল লেকচার-২০২৬ ‘বাংলাদেশের বিচার বিভাগে আস্থার সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বেলা ১২টায় আইন অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন কমিশনের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মাননীয় বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী।
উক্ত স্মারক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে এ কে খান ফাউন্ডেশনের পক্ষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টি এ. এম. জিয়াউদ্দিন খান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর এস.এম. নছরুল কদির।
প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের সেমিনারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা একটি রাষ্ট্রের ন্যায়বিচার ও আইনের শাসনের অন্যতম প্রধান ভিত্তি। মূল প্রবন্ধে বিচারকের সাহসিকতা, সততা ও নিরপেক্ষতার ওপর যে গুরুত্ব দেওয়া হয়েছে, তা অত্যন্ত প্রাসঙ্গিক। বিচারক যদি সততা, সাহস ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে যেকোনো ধরনের প্রভাবের ঊর্ধ্বে উঠে ন্যায়সংগত সিদ্ধান্ত দেওয়া সম্ভব।
তিনি বলেন, আমাদের বিচারব্যবস্থার প্রতি আস্থার সংকটের পেছনে দুর্নীতি সম্পর্কে মানুষের ধারণা, বিচারপ্রাপ্তিতে দীর্ঘসূত্রতা, সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির সীমাবদ্ধতা এবং রাজনৈতিক প্রভাবের আশঙ্কা গুরুত্বপূর্ণ কারণ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সততা, নিরপেক্ষতা, দক্ষতা ও উদ্ভাবন নিশ্চিত করতে হবে। তিনি আয়োজকদের এবং এ কে খান ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিশেষ অতিথির বক্তব্য মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের অনুষ্ঠানে আসতে পেরে গর্ববোধ হচ্ছে। আজকের সেমিনারের বিষয়টি বিচার ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিচারপ্রার্থী মানুষরা অনেক ক্ষেত্রে আস্থার সংকটে থাকেন, যে ন্যায় বিচার পাবেন কিনা। আজকের কি-নোট বক্তব্য থেকে বিচার ব্যবস্থায় আস্থা নিয়ে অনেক কিছু আলোকপাত করা হয়েছে। আশা করি, আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছুই জানা হবে। সবাইকে ধন্যবাদ জানান তিনি।
কি-নোট স্পিকার তাঁর বক্তব্যে বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ, সাধারণ মানুষের আস্থার সংকট এবং বিচার ব্যবস্থার আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করে তা উত্তরণের কার্যকরী উপায়সমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন চবি আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী। আয়োজনে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আইন অনুষদের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং এ কে খান ফাউন্ডেশনের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।