বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারী গ্রেফতারের চেষ্টা করতে গিয়ে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁর এই আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ একজন কর্তব্যনিষ্ঠ ও সাহসী সদস্যকে হারালো।
গত ৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর আনুমানিক ০৬: ৩০ ঘটিকায় নগরীর ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালনকালে ছিনতাইকারী গ্রেফতারের চেষ্টা করার সময় একটি বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল আল আমিন সরদার গুরুতর আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ ৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর আনুমানিক ০৪.০০ ঘটিকার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পুলিশ কনস্টেবল আল আমিন সরদার ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরিকালীন সময়ে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করেন। তাঁর নিজ জেলা মাদারীপুর। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক ছিলেন।
কর্তব্যরত অবস্থায় তাঁর এই আত্মত্যাগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার জনাব হাসান মো: শওকত আলী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।