বিশেষ প্রতিবেদন :
‘নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। সেইসঙ্গে শিগগিরিই ‘নতুন ক্ষেপণাস্ত্র’ ও ‘ড্রোন সিটিস’ (ড্রোন শহর) উদ্বোধন করবে দেশটি। এমন তথ্য জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।
স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মেজর জেনারেল সালামি বলেন, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক জাহাজ তৈরিতে আইআরজিসির অগ্রগতি তুলে ধরে কমান্ডার বলেন, ইরানের শক্তির বিশালতা এবং গভীরতা প্রদর্শনের জন্য শিগগিরই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধারণকারী নতুন সুযোগ-সুবিধা উন্মোচন করা হবে।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতায় ইরান ‘দুর্বল হয়ে পড়েছে’ এমন ধারণাও কমান্ডার উড়িয়ে দিয়ে বলেন, ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করার প্রযুক্তি তৈরি করেছে যা বিশ্বের অর্থনীতি ও শক্তির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে।
তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ায় বাশার আল-আসাদের সরকারের পতনের পর ইরান তার প্রতিরোধ ক্ষমতা নিয়ে চিন্তিত নয়, কারণ ইরান মূলত আরব দেশটিতে কোনো সামরিক সুবিধা উপভোগ করেনি।
তিনি আরও বলেন, আমাদের প্রতিরোধ ক্ষমতা অন্য কোনো দেশের ভিত্তিতে তৈরি করা হয়নি। ইরানের প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণরূপে তার নিজস্ব ভূখণ্ড, সংকল্প, সিদ্ধান্ত, ক্ষমতা এবং কর্মক্ষমতার উপর প্রতিষ্ঠিত।