বিশেষ প্রতিবেদন :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও পলাশ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি সরকারের মূল লক্ষ্য হলো মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। আগামী পাঁচ বছর সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যাবে এই সরকার। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে।
সোমবার (৯ মার্চ) বিকেলে নরসিংদী স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
মঈন খান বলেন , ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিগত ১৭ বছর দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল।মানুষের বাকস্বাধীনতা ছিল না। বহু আন্দোলন সংগ্রামের পরে জুলাই গণঅভুথ্যানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। মানুষ স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করেছে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদলসহ সর্বস্তরের লোকজন।
Leave a Reply