বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল সংসদ ও চাকসুর যৌথ উদ্যোগে এবং হল প্রশাসনের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল কর্নার, পড়াশোনার জন্য বুকশেলফ ও বই প্রদান, শরীরচর্চার জন্য জিমনেসিয়াম উদ্বোধন এবং পরিবেশ সুরক্ষায় হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, শাহ আমানত হল চবির পুরাতন ও ঐতিহ্যবাহী হল। আজকে শিক্ষার্থীবান্ধব অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এজন্য আমি চাকসু, হল সংসদ ও হল প্রশাসনকে ধন্যবাদ জানাই। তিনি শিক্ষার্থীদের আবার বই পড়ার অভ্যাসে ফিরিয়ে আনতে জুলাই বুক কর্নার প্রতিষ্ঠার উদ্যোগের অত্যন্ত প্রশংসনীয়। চাকসুর নেতৃবৃন্দ, বিশেষ করে ভিপি ইব্রাহিম হোসেন রনি, চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ, শাহ আমানত হলের ছাত্র সংসদের নেতৃবৃন্দ, প্রভোস্ট মহোদয় এবং সংশ্লিষ্ট সকলকে আমি এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। আমি আশা করি, এই বুক কর্নার শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একইসঙ্গে মেডিকেল কর্নার উদ্বোধনের উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে পড়াশোনা ও বসবাসের সুযোগ তৈরি করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এছাড়া আজকের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হচ্ছে বৃক্ষরোপণ। বৃক্ষ শুধু আমাদের ছায়া ও ফল দেয় না; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রাখে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত), চাকসুর প্রতিনিধিবৃন্দ হল সংসদের ভিপি, জিএস ও এজিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া একইদিন চবি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ও নবাব ফয়জুন্নেসা হলে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট প্রফেসর ড. এস.এম. রফিকুল ইসলাম, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, হল সংসদের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।