বিশেষ প্রতিবেদন :
📌 অভিযান ০১:
পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবায় হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগে পরিচালিত অভিযান
আঞ্চলিক পাসপোর্ট অফিস, পিরোজপুর -এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের যোগসাজশে পাসপোর্ট সেবা প্রদানে হয়রানি, সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদনপত্র গ্রহণে অনিয়ম এবং সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুর থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা প্রদান কেন্দ্র পর্যবেক্ষণ করে। পরবর্তীতে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে পাসপোর্ট সেবা গ্রহণে কোনো ধরনের হয়রানি, অনিয়ম কিংবা দালালচক্রের দৌরাত্ম্যের শিকার হচ্ছেন কি না, তা যাচাই করা হয়। এছাড়াও অভিযানকালে দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকা পাসপোর্ট আবেদনগুলোর তালিকা সংগ্রহ করে পর্যালোচনা করা হয়।পাসপোর্ট সেবা প্রদান প্রক্রিয়া নির্বিঘ্ন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত রাখার লক্ষ্যে এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে।
অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা শেষে এ বিষয়ে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
📌অভিযান ০২:
চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে অনিয়ম, যন্ত্রপাতি অব্যবহৃত রাখা ও সেবা প্রদানে হয়রানির অভিযোগে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে অভিযান।
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুড়িগ্রাম -এ চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, প্রায় ২১ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে অনিয়ম এবং বকেয়া বিলসংক্রান্ত জটিলতায় যন্ত্রপাতি দীর্ঘদিন অব্যবহৃত রেখে সরকারি অর্থের অপচয়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম কর্তৃক অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ২০১৮-১৯ অর্থবছরে ক্রয়কৃত চিকিৎসা সরঞ্জামের তালিকা সংগ্রহ করে সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনে কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি তালাবদ্ধ কক্ষে অব্যবহৃত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, প্রয়োজনীয় সেটআপ চালু না হওয়ায় সেগুলো ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া, অভিযানকালে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতায় ঘাটতি পরিলক্ষিত হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা যাচাইয়ে সংশ্লিষ্ট ক্রয়সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র পর্যালোচনা শেষে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
📌অভিযান ০৩
ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের নীলফামারী জেলার কিশোরগঞ্জ শাখায় অভিযান
সোনালী ব্যাংক পিএলসি, কিশোরগঞ্জ শাখা, নীলফামারীর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঋণ প্রদানের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের স্বাক্ষরিত চেক, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য কাগজপত্র সংগ্রহ করে তাঁদের নামে অতিরিক্ত ঋণ উত্তোলনের মাধ্যমে প্রায় ১ কোটি টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুর কর্তৃক অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ব্যাংক থেকে অভিযোগসংশ্লিষ্ট ঋণের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি, অভিযোগের বিষয়ে ব্যাংকের বর্তমান শাখা ব্যবস্থাপক ও কয়েকজন গ্রাহককে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জানা যায়, একই অভিযোগের বিষয়ে ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তদন্ত করেছে।
অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র ও পূর্ববর্তী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এ বিষয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।