বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ফিলিপাইনের Biliran Province State University (BiPSU)-এর মধ্যে শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় চবি উপাচার্য দপ্তরে (BiPSU-এর প্রতিনিধিরা অনলাইনে যুক্ত ছিলেন) আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং BiPSU-এর পক্ষে সংশ্লিষ্ট প্রতিনিধি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। এ অংশীদারিত্বকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক একাডেমিক সম্পর্ক উন্নয়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন মাননীয় উপাচার্য।
এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য বন ও পরিবেশ বিজ্ঞানে শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস (আইএফইএসসিইউ) এ সহযোগিতা কার্যক্রমের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। অংশীদারিত্বের যৌক্তিকতা ও উদ্দেশ্য তুলে ধরেন BiPSU-এর ONSP পরিচালক Greggo N. Legaspi। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সংক্ষিপ্ত বক্তব্য দেন। অংশীদারিত্ব বাস্তবায়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন BiPSU-এর প্রেসিডেন্ট Dr. Victor C. Cañezo, Jr., CHRP। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী।
পাঁচ বছর মেয়াদি এ সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা ও গবেষণালব্ধ ফলাফল প্রকাশনা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা বিনিময়, শিক্ষার্থীদের যৌথ তত্ত্বাবধানে গবেষণা কার্যক্রম পরিচালনা, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন, পাঠ্যক্রম উন্নয়ন এবং যৌথভাবে গবেষণা অনুদানের আবেদনসহ বিভিন্ন একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রম পরিচালিত হবে। এ অংশীদারিত্বের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।