সংবাদ বিজ্ঞপ্তি:
ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ (সোমবার): যশোর সেনানিবাসে অবস্থিত সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে (এসটিসিএন্ডএস) কোর অব সিগন্যালস এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী ১৫ ও ১৬ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সম্মেলনে উপস্থিত সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রের ক্রমপরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সিগন্যালস কোরকে আরও দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেন। একই সঙ্গে আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার জন্য কোরের সকল সদস্যকে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি এসটিসিঅ্যান্ডএস এ আয়োজিত আইসিটি ইনোভেশন ডিসপ্লেতে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবনী প্রকল্পসমূহ পরিদর্শন করেন।
পাশাপাশি সিগন্যালস কোরের ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে শহীদ ক্যাপ্টেন আবদুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান উপস্থিত থেকে মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ পরিদর্শন এবং প্রাক্তন ও বর্তমান সদস্যগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এসময় সিনগ্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, মহান স্বাধীনতা যুদ্ধে ও বিভিন্ন সময়ে অবদান ও অর্জনের উপর আলোকপাত করেন এবং ভবিষ্যতে সকলকে দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে সিনগ্যালস কোরের কর্নেল কমান্ড্যান্ট; মহাপরিচালক, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনী এ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; সিগন্যালস কোরে কর্মরত, অবসরপ্রাপ্ত সদস্যগণ ও পরিবারবর্গসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।