বিশেষ সংবাদ :
(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান বাইপাস সড়কের নীলভিটা থেকে কাঞ্চন সেতু পর্যন্ত দীর্ঘ যানজটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকেরা। মঙ্গলবার দুপুরে সড়কের বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীসহ কর্মজীবী মানুষ।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়কে যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ সদস্যের উপস্থিতি না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে। কোনো কোনো স্থানে যানবাহন এলোমেলোভাবে চলাচল করায় সড়কের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। ফলে অল্প দূরত্বের পথ পাড়ি দিতে অতিরিক্ত সময় লাগছে।
ভুক্তভোগী যাত্রীরা বলেন, এশিয়ান বাইপাস সড়কটি রূপগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করলেও যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা দেখা যায় না। বিশেষ করে ব্যস্ত সময়ে পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে যানজট আরও তীব্র হয়ে ওঠে।
একাধিক চালক বলেন, যানজটের কারণে সময় ও জ্বালানি দুটিই অপচয় হচ্ছে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় যাত্রীদের পাশাপাশি পরিবহন শ্রমিকরাও দুর্ভোগে পড়ছেন।
এদিকে যানজটে আটকে থাকা যাত্রীদের মধ্যে পুলিশের দায়িত্ব পালন নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, নীলভিটা থেকে কাঞ্চন সেতু পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হলে যানজট
অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যানজটের বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন জানান আমরা যানজট নিরসনের কাজ অব্যাহত রেখেছি। এখন কাঞ্চন পৌরসভা এলাকার কালাদী সড়কের নির্মাণ কাজ চলার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে তবে ঢালাই শেষ হলেই যানজট আর থাকবে না তখন যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
ভুক্তভোগীরা দ্রুত যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন।