বিশেষ সংবাদ :
(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় মামা- ভাগিনা প্রথম, শেখ খোকন দ্বিতীয় ও বুলেট তৃতীয় স্থান অর্জন করেছে। মাদককে না বলুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার
(৩ অক্টোবর) আয়োজিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ছোট বড় ২৫টি নৌকা অংশ নেয়। ঢাক-ঢোল আর বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মুখোরিত হয়ে উঠে শীতলক্ষ্যার দুই তীর। নেমেছে লাখো মানুষের ঢল।
শতশত নৌকা ও ট্রলারে করে পরিবার-পরিজন নিয়ে নদীতে উপস্থিত হন বিভিন্ন পেশাজীবীর মানুষ। তাদের উচ্ছ্বাস আর নৌকার সারিতে শীতলক্ষ্যা হয়ে উঠে উৎসবমুখর।
বিকেল হতেই সাপের মতো একে বেঁকে করে বয়ে চলা শীতলক্ষ্যা নদীতে ছলাৎ ছলাৎ শব্দে মুখোরিত হয়ে উঠে চারপাশ। এই দৃশ্য দেখে বাঁশি আর ঢোলের সুরে উল্লাসে মেতে উঠে নদীর তীরবর্তীর মানুষ। এই প্রতিযোগিতা দেখতে নারী, পুরুষ, শিশু, কিশোরসহ নানা বয়সী মানুষ নদীর তীরে ভিড় জমায়।
দীর্ঘ ১৫ বছর পর নৌকা বাইচের আয়োজন করে কাঞ্চন পৌর বিএনপি। এ আয়োজনকে ঘিরে দীঘুলিয়া, কেরাবো, কলাতলী, বান্টি, কাঞ্চনসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ দেখা দেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকা তৈরিতেও ব্যস্ত সময় পার করেন কারিগররা।
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে শীতলক্ষ্যা নদীর দুই পারে লাখো মানুষের ভিড় জমে। কেউ নদীর তীরে অবস্থান নিয়েছেন। আবার কেউ নৌকায় করে নদীতে ভাসমান অবস্থায় নৌকা বাইচ উপভোগ করেছেন। এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
তিনি পুরস্কার হিসেবে বিজয়ীদের মধ্যে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন বিতরণ করেন। শীতলক্ষ্যার শিমুলিয়া ঘাট থেকে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
দর্শকদের কেউ কেউ বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরণের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।