বিশেষ প্রতিবেদন :
৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের হলরুমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) কর্তৃক বাস্তবায়নাধীন ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
কর্মসূচির উদ্বোধনকালে মাননীয় মন্ত্রী বলেন বিগত আওয়ামী সরকার শতভাগ বিদ্যুতায়নের মিথ্যা তথ্য দিয়ে উৎসব পালন করেছে। অথচ সারা দেশের ন্যায় ময়মনসিংহ বিভাগেও বিদ্যুৎ সমস্যার সমাধানের কোন কাজ করেনি। সেই সময়ের আওয়ামী সরকার ময়মনসিংহে বিদ্যুৎ, গ্যাস সঞ্চালনের উপযুক্ত লাইন তৈরি করেনি। ফলে এই বিভাগের মানুষকে সবসময় বিদ্যুৎ ও গ্যাসের জন্য কষ্ট পেতে হয়েছে। বর্তমান সরকার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। ফলে আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহের লোডশেডিং কমার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। এ কর্মসূচির মাধ্যমে আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারে মানুষ উৎসাহিত হবে, যা এ অঞ্চলের তথা দেশের বিদ্যুৎ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে । বিদ্যুৎমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধানে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
কর্মসূচির সূচনা হিসেবে দুটি বাড়ির ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। বিশেষ অতিথি ফখর উদ্দিন আহমেদ, এমপি মহোদয় এর বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং ভালুকার বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ৫ কিলোওয়াট পিক সক্ষমতার ব্যাটারিসহ সোলার সিস্টেম স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখর উদ্দিন আহমেদ, এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইডকলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এস. এম. মনিরুল ইসলাম। ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির ওপর উপস্থাপনা প্রদান করেন ইডকলের হেড অব রিনিউএবল এনার্জি মো. এনামুল করিম পাভেল।
ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির মাধ্যমে দেশের আবাসিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি ও সম্প্রসারণের মাধ্যমে আবাসিক পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে। দেশের জ্বালানি ব্যবস্থায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি আবাসিক পর্যায়ে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবহারের সুযোগ সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মসূচিটি বাস্তবায়নে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) কাজ করছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. আনিছুজ্জামান এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. আশফাকুল আমিন মুকুট। এছাড়া, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ইডকল ও বিআইএফএফএলের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।