বিশেষ সংবাদ :
(রূপগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিল তৈরি করে কৃষকদের পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে একটি অসাধু চক্রের বিরুদ্ধে। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া, মাঝিনা, বড়ালু পাড়াগাঁও ও কেওঢালা মৌজায় এ ধরনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী জমির মালিক ও এলাকাবাসী।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় ‘পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে ইছাখালী বালুর মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংরক্ষণ পরিষদের আহসানউল্লাহ মাস্টার।
সভায় বক্তব্য দেন জমির মালিক অ্যাডভোকেট নাজমুল হাসান, ব্যাংকার আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, সার্জেন্ট ইলিয়াস পারভেজ, গোলজার হোসেন, প্রভাষক নুর সালাম, হাফেজ আবদুল বাতেন, নাওড়া গ্রামের প্রবীর সরকার, মাঝিনা গ্রামের আয়নাল হক, বড়ালু পাড়াগাঁও গ্রামের হাজি সিরাজুল ইসলাম ও কেওঢালা গ্রামের হাসনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন মৌজায় একটি অসাধু জালিয়াত চক্র ভুয়া ও জাল দলিল তৈরি করে কৃষকদের পৈতৃক জমি দখলের চেষ্টা করছে। জমির প্রকৃত মালিকদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এমনকি কাল্পনিক ওয়ারিশ তৈরি করে অবৈধভাবে জমির নামজারি সম্পন্ন করার অভিযোগও করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, জালিয়াত চক্রের সদস্যরা নানা কৌশলে প্রকৃত জমির মালিকদের বঞ্চিত করে তাঁদের জমি বিভিন্ন আবাসন প্রকল্পের কাছে বিক্রি করে দিচ্ছে। এতে কৃষক ও সাধারণ জমির মালিকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাপ-দাদার পৈতৃক ভিটেমাটি হারানোর আশঙ্কায় অনেক পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
তাঁরা বলেন, জমির মালিকানা ও ওয়ারিশসংক্রান্ত কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই না করে কোনো ধরনের নামজারি করা যাবে না। কাল্পনিক ওয়ারিশ সৃষ্টি এবং অবৈধ নামজারি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে জাল দলিলের মাধ্যমে জমি দখলের অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষকদের পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রতিবাদ সভা শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ইছাখালী থেকে পূর্বগ্রাম পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাঁরা জাল দলিল, অবৈধ নামজারি ও কৃষকদের জমি দখলের অভিযোগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
তারিখঃ২০/১১/২৬ইং