বিশেষ প্রতিবেদন :
ক্রীড়া শরীর-মন সুস্থ রাখতে এবং লক্ষ্য অর্জনে সহায়তা করে: কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে চবি উপাচার্য।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শরীর-মন সুস্থ রাখে, পাশাপাশি লক্ষ্য অর্জনে সহায়তা করে। চবি ক্যাম্পাসে খেলাধুলা ও একাডেমিক কার্যক্রমের গতিশীলতা ফিরে এসেছে। ক্রীড়াবিদরা আমাদের এম্বাসাডর। আমাদের ক্রিকেট, ফুটবল অনেক এগিয়ে গেছে। অন্যান্য ক্রীড়া ক্ষেত্রেও এগিয়ে যেতে হবে। আগামীতে এশিয়ান গেমস, অলিম্পিকসহ বড় বড় ইভেন্টে অংশগ্রহণ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। স্বপ্ন রাখতে হবে সামনে, নইলে এগুনো যাবে না। আশা করি, আমাদের ক্রীড়াবিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) আয়োজনে এবং চবি শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় ও বর্ণাঢ্যভাবে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯.৩০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে দুদিনব্যাপী (৮-৯ ফেব্রুয়ারি) চবি কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এসব কথা বলেন।
উপাচার্য তাঁর বক্তব্যে চবি কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি, ক্রীড়াবিদসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। প্রত্যেকটি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাড়ম্বরে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি হলের শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ক্রীড়ায় অংশগ্রহণ করেছে। এরমধ্যে থেকে অনেকে কেন্দ্রীয় খেলায় অংশ নিচ্ছে। তিনি বলেন, আমরা সব সময় সহ-শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করি। এরমধ্যে ক্রীড়া অন্যতম। এখন ক্যাম্পাসে সর্বোচ্চ একাডেমিক পরিবেশ বিরাজ করছে। প্রায় প্রতিদিন গবেষণামূলক সভা-সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা পরিবেশ ভালো রেখেছে।
উপাচার্য আরও বলেন, সকলের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয় হলসমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত সফল ও সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে। এরই ধারাবহিকতায় আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন হলের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে। উপাচার্য দুদিনব্যাপী কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন এবং ক্রীড়াবিদসহ সংশ্লিষ্ট সকলকে স্ব-স্ব দায়িত্বের প্রতি নিষ্ঠাবান থাকার আহ্বান জানান। উপাচার্য দারুণ আয়োজনের জন্য চাকসু এবং চবি শারীরিক শিক্ষা বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সকলের সার্বিক সহযোগিতায় এ ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকল ক্রীড়াবিদ, কমিটির সদস্য ও এর সাথে সম্পৃক্ত সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানান এবং ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাকসুর দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান। চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব হাবিবুর রহমান জালাল শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান বলেন, কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ মিলনমেলায় পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ডের মধ্যে ক্রীড়া অন্যতম। পড়াশোনার পাশাপাশি ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়ার ভূমিকা রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্তমানে একাডেমিক, গবেষণা ও ক্রীড়াসহ সকল ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করি, শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং দায়িত্ববোধ সর্বোপরি নিজেদের গড়ে তুলবে। তিনি বিচারকদের নিরপেক্ষভাবে বিচার সম্পন্ন করার আহ্বান জানান। তিনি চাকসু, শারীরিক শিক্ষা বিভাগসহ ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর ও মূর্ছনায় মাননীয় উপাচার্য জাতীয় পতাকা, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) বিশ্ববিদ্যালয় পতাকা, হলসমূহের প্রভোস্টরা নিজ নিজ হল পতাকা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা এবং চাকসুর প্রতিনিধিবৃন্দ চাকসু পতাকা উত্তোলন করেন। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মার্চ পাস্ট অধিনায়কের দায়িত্ব পালন করেন কৃতী ক্রীড়াবিদ মোহাম্মদ সজীব এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা বহন করেন কৃতী ক্রীড়াবিদ ও চাকসুর খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন। প্রতিযোগিতায় মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন দুই কৃতী ক্রীড়াবিদ তামান্না মাহবুব প্রীতি ও রুমন জয় তঞ্চঙ্গ্যা। মাননীয় উপাচার্য বিচারকবৃন্দের পক্ষে প্রধান বিচারক চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং ক্রীড়াবিদদের পক্ষে কৃতী ক্রীড়াবিদ নুসরাত জাহান তৃণা ও ফাহাদ জামান খানকে শপথ বাক্য পাঠ করান। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাকিব আহমেদ, মোছা. সাজেদা ইসফাত রহমান সামান্তা ও সোনিয়া পারভীন লাকী। ব্যান্ডের তালে তালে অনুষ্ঠিত ক্রীড়াবিদদের বর্ণাঢ্য কুচকাওয়াজ মাননীয় উপাচার্য ও অতিথিবৃন্দ উপভোগ করেন এবং তাদের অভিবাদন গ্রহণ করেন। চবি ড্যান্স ক্লাবের সদস্যরা নৃত্য পরিবেশন করেন। এরপর অতিথিদের সাথে নিয়ে বেলুন-ফেস্টুন উড়িয়ে কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য, অনুষদসমূহের ডিন, হলের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, প্রক্টর ও সহকারী প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, চাকসু কেন্দ্রের পরিচালক, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসু ও হল সংসদসমূহের প্রতিনিধিবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিপুল সংখ্যক ক্রীড়ামোদী শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চবি কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন, পবিত্র গীতা থেকে পাঠ করেন মিথিলা মল্লিক এবং পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন পাইসুনু মারমা।
Leave a Reply