বিশেষ প্রতিবেদন :
আগামী ৫ আগস্ট (৩৬ জুলাই) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের নিমিত্তে বুধবার (২২ জুলাই ২০২৬) বিকাল ৪টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন ও চাকসুর নেতৃবৃন্দের সাথে চবি প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী ও চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।
মতবিনিময়কালে দিনব্যাপী অনুষ্ঠান উদযাপনের নানা বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ কর্মসূচি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় ছাত্র সংগঠনের প্রতিনিধিগণ তাদের মতামত ও পরামর্শ পেশ করেন। চবি প্রশাসন সকল ছাত্র সংগঠনের সহযোগিতাকে স্বাগত জানান এবং মুক্তচিন্তা ও ঐক্যের পরিবেশ বজায় রেখে সকল কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসন এবং ছাত্র নেতৃবৃন্দ উভয় পক্ষই ক্যাম্পাস জুড়ে একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অর্থবহ পরিবেশ নিশ্চিত করতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সভায় ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্র অধিকার ও ছাত্র মজলিসসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।