বিশেষ সংবাদ :
(জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা)
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষরোপণ, পুরস্কার ও চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান। এছাড়া বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল মালেক খান এবং সমবায়ী মীর মনিরুজ্জামান বাবুসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ী ও শ্রেষ্ঠ সমবায় সমিতির প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।