বিশেষ সংবাদ :
(মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:)
‘শ্রমিকের অধিকার, মানুষের অধিকার—গড়ে তুলি আগামীর নতুন বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘৩৬ জুলাই মহামুক্তি দিবস’। দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জ জেলাজুড়ে সাধারণ মানুষ ও শ্রমিকদের মাঝে এক নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এই ঐতিহাসিক দিনটি উপলক্ষে শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বিজয়ের শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই মহামুক্তি সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়ন এবং দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়েছে।
সংগঠনের জেলা সভাপতি মো: সোহরাওয়ার্দী হোসেন এক বাণীতে বলেন, “শ্রমিক ও মেহনতি মানুষের নায্য পাওনা নিশ্চিত করা এবং একটি বৈষম্যহীন, শোষণমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার। জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি ক্ষেত্রে সুশাসন ও শ্রমবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে হবে।”
দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি থেকে শ্রমিক অধিকার পরিষদের নেতারা সমাজ থেকে সব ধরনের চাঁদাবাজি, সিন্ডিকেট ও বৈষম্য দূর করে একটি নতুন এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।