বিশেষ প্রতিবেদন :
(জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা)
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় তদন্তে অনিয়মের অভিযোগ তুলে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন মোঃ আবুল বাশার তালাশ নামে এক ব্যক্তি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
রোববার (৯ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি উপজেলার মধ্যপাড়া এলাকার মৃত আকবর আলী মোল্লার ছেলে মোঃ আবুল বাশার তালাশ তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগের বিষয়টি তুলে ধরেন।
লিখিত অভিযোগে আবুল বাশার তালাশ দাবি করেন, বিরোধপূর্ণ জমিটি তাঁর পূর্বপুরুষদের আমল থেকে তাঁরা ভোগদখল করে আসছেন। ওই জমিতে দোকানপাট স্থাপন করে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন তারা।
তিনি আরও অভিযোগ করেন, মৃত হাবিবুর রহমানের স্ত্রী মোছাঃ সালেহা বেগম বালিয়াকান্দি আমলী আদালত, রাজবাড়ীতে সি.আর মামলা নং-২৭৩/২৬ দায়ের করেন। মামলাটি ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪(১)(ক)/৭/১৬ ধারায় করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে আদালতের স্মারক নং-১৫১, তারিখ ১১ জুন ২০২৬।
আবুল বাশার তালাশের দাবি, মামলাটির সঠিক তদন্তের জন্য আদালতের বিজ্ঞ বিচারক থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তবে তাঁকে অবহিত না করেই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই কাঞ্চন একতরফাভাবে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন বলে অভিযোগ করেন তিনি। ওই প্রতিবেদন তাঁর কাছে সঠিক ও গ্রহণযোগ্য মনে হয়নি বলেও জানান।
এ অবস্থায় তিনি বিষয়টি পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন
অভিযোগের বিষয়ে বালিয়াকান্দি থানার সংশ্লিষ্ট কর্মকর্তা এসআই কাঞ্চন অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।
তিনি বলেন, “আমি আবুল বাশার তালাশের সঙ্গে থানার মসজিদে এক কাতারে নামাজ পড়ি। তাকে থানায় ডেকে বিষয়টি বারবার অবহিত করা হয়েছে। নামাজ পড়া একজন মানুষ হিসেবে আমি তাকে বলেছি, এ ধরনের মিথ্যা কথা বলা সঠিক নয়।”
তিনি আরও বলেন, মামলার বিষয়ে সঠিক তদন্ত করেই আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। জমিটি প্রকৃতপক্ষে কার, সেটি আদালতই আইন অনুযায়ী নির্ধারণ করবেন।