বিশেষ প্রতিবেদন :
বিএনপির তরফ থেকে এখনও রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণ করা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। এ বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন। এমনটা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে, বেলা ১১টা থেকে জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) এ বৈঠক শুরু হয়।
নুরুল ইসলাম মনি জানান– গণমাধ্যমের উপস্থিতিতে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, সংসদের স্পিকারের ভোটগ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হবে। ফলাফল না আসা পর্যন্ত সবার উপস্থিতিতে গণমাধ্যমে লাইভ টেলিকাস্ট করা হবে।
চিফ হুইপ জানান, ৭০ অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী ভোট হবে। ভোটগ্রহণ হবে সংসদের মধ্যে। সংসদ সদস্যরা তাদের জাতীয় আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ফলাফলের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে।
তিনি আরও জানান, দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না। দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আর ভোট গ্রহণ ২০ আগস্ট। সেদিন সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট চলবে।