বিশেষ প্রতিবেদন :
গত ১৩ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি, বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশেরনগর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান উক্ত স্টেশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ট্রেনিং ইনস্টিটিউট ও অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যা ভবিষ্যতে স্টেশনের সামগ্রিক কার্যক্রম ও সক্ষমতা আরও জোরদার করবে। এছাড়া, তিনি বিএএফ শাহীন কলেজ, শমশেরনগর এর শিক্ষা কার্যক্রমের পরিধি সম্প্রসারণ ও যুগোপযোগী করার লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে ৭ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে, বিমান বাহিনী প্রধান উক্ত স্টেশনের প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং স্টেশন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করত: বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। বিমান বাহিনী স্টেশন শমশেরনগর এ দায়িত্বরত প্রতিটি সদস্যকে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান বিমান বাহিনী প্রধান।
এসময়, সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এর এয়ার অধিনায়ক, বিমান বাহিনী স্টেশন শমশেরনগরের কমান্ডার, বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিমান বাহিনী স্টেশন শমশেরনগরের সকল কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, একই দিনে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) এর সম্মানিত সভানেত্রী সালেহা খান, বাফওয়া উপ-আঞ্চলিক শাখা শমশেরনগর এবং গোল্ডেন ঈগল নার্সারি শমশেরনগর পরিদর্শন করেন। তিনি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে উপ-আঞ্চলিক বাফওয়া কার্যালয়ে বৃক্ষরোপণ করেন। পরবর্তীতে, তিনি দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ঔষধ বিতরণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন এবং প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ের দুর্ভোগ কমাতে রেইনকোট ও ছাতা বিতরণ করেন।