বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন ডিসি রোড, কালাম কলোনী হক ম্যানশন এর নীচ তলার বাদী এরফানুল হক এর বাসার ভেতরে কেউ না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরচক্রের সদস্যরা গত ২৬/০৭/২০২৬ ইং সকাল অনুমান ০৮:০০ ঘটিকা হতে ২৭/০৭/২০২৬ ইং বিকাল অনুমান ০৫:০০ ঘটিকা পর্যন্ত যেকোনো সময়ে বাসার প্রধান দরজার তালার হুক ভেঙে প্রবেশ করে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা, চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় চকবাজার থানায় এফআইআর নং-১১, তারিখ-২৯/০৭/২০২৬ খ্রিঃ, জিআর নং-৬৬, তারিখ-২৯/০৭/২০২৬ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ দণ্ডবিধি, ১৮৬০ মূলে মামলা রুজু হয়।
মামলাটি তদন্তকালে চকবাজার পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামি ১। মোঃ রহমত প্রঃ হাসান (২৯), পিতা-মৃত আমির হামজা, সাং-মসজিদি মোড়া, হারবাং ইউনিয়ন, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার; বর্তমানে ড্রিমল্যান্ড আবাসিক এলাকা, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম ও ২। সাজ্জাদ হোসেন প্রঃ অর্পূ (২৭), পিতা-মৃত মিজান, সৎ বাবা-মোঃ আবু তালেব, সাং-পশ্চিম চাম্বল, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম; বর্তমানে ড্রিমল্যান্ড আবাসিক এলাকা, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রামদের শনাক্ত করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, সংঘবদ্ধ চোরচক্রের উক্ত সদস্যরা মোটরসাইকেলযোগে এসে বাদীর বাসার দরজার তালার হুক ভেঙে চুরি সংঘটিত করে।
তদন্তের ধারাবাহিকতায় গত ১৫/০৮/২০২৬ খ্রিঃ তারিখ বেলা ১১:৪৫ ঘটিকায় বায়েজিদ বোস্তামী থানাধীন ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে মামলার তদন্তে প্রাপ্ত আসামি ১। মোঃ রহমত প্রঃ হাসান (২৯) এবং ২। সাজ্জাদ হোসেন প্রঃ অর্পূ (২৭)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের সঙ্গে নিয়ে হাটহাজারী থানাধীন আমান বাজারস্থ বিএন জুয়েলার্সে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তির প্রেক্ষিতে দোকান মালিকের উপস্থাপন মতে চোরাই স্বর্ণ গলিয়ে তৈরি করা ১২টি স্বর্ণের আংটি, ৬ জোড়া স্বর্ণের কানের দুল ও ২টি স্বর্ণের চেইন উদ্ধার করা ও আসামি মোঃ রহমত প্রঃ হাসানের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ১ পাতা এবং উক্ত স্বর্ণ ক্রয় সংক্রান্ত রেজিস্টারের ১ পাতা জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামিরা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান মালামাল চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধারে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।