বিশেষ প্রতিবেদন :
আজ ২৮ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫ টায় পবা থানা পুলিশ বাগসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর উদ্যোগে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকাবাসী সাম্প্রতিক সময়ে আরএমপির মাদক ও অনলাইন জুয়া বিরোধী কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সম্মানিত পুলিশ কমিশনার ও পবা থানার পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। আগামী ১৫ দিনের মধ্যে বাগসারা গ্রামে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে দৃশ্যমান পরিবর্তন আনতে পুলিশ ও এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
মাদক ও জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করার পাশাপাশি অপরাধপ্রবণতা বাড়ায়। অন্যদিকে, জুয়া মানুষকে আর্থিক ক্ষতির দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে নানা ধরনের অস্থিরতা সৃষ্টি করে। তাই আইনগত ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
মাদক ও জুয়ামুক্ত নিরাপদ সমাজ গঠনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আইন প্রয়োগের পাশাপাশি গণসচেতনতামূলক প্রচার ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন।