বিশেষ সংবাদ :
(রূপগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে প্রবেশ করে স্বামীকে না পেয়ে স্ত্রীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ মাছুমা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার খাদুন এলাকার মাছুমা আক্তারের পরিবারের সাথে একই এলাকার মোঃ মঞ্জুরুল হক ভূঁইয়া (৫০), মোঃ মাহতাবুল হক ভূঁইয়া (৪৮), নুর-ই তাসলিম (৪২), নুর এ ফাহিম ওরফে রনি (৪১), মোঃ হাবিব (৪৫), মোঃ মাছুম খান (৪২) এবং মোঃ হাসান খান (৪০)-দের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
এ বিরোধকে কেন্দ্র করে
অজ্ঞাতনামা ৭/৮ জন সংঘবদ্ধ সন্ত্রাসীসহ একটি কালো রঙের হাইয়েস গাড়ি (রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-…) যোগে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বসত বাড়িতে অনাধিকার প্রবেশ করে।
সন্ত্রাসীরা বাড়িতে এসে স্বামী মোঃ শাহ আলমকে খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে পরিবারের লোকজনকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয় এবং সুযোগ পেলে মাজুমা আক্তারসহ তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে।
পরবর্তীতে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এলাকা ছেড়ে চলে যায়। ঘটনাস্থলের পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করলে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে দাবি জানান তিনি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এএইচ এম সালাউদ্দিন আহমেদ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।