বিশেষ সংবাদ :
(নিজেস্ব প্রতিবেদক এম এ হান্নান)
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আসন্ন এ পূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর একদিনের নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। এর ফলে পূজার ছুটি ও পরবর্তী সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী ২০ ও ২১ অক্টোবর আগে থেকেই পূজার নির্ধারিত ছুটি ছিল। মাঝের ২২ অক্টোবর (বৃহস্পতিবার) কর্মদিবস থাকলেও উৎসবের সুবিধা বিবেচনায় ওই দিন নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সাথে পরবর্তী শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। শীঘ্রই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।