বিশেষ প্রতিবেদন :
ঢাকা, ০৭ নভেম্বর ২০২৬ (শনিবার): যথাযথ মর্যাদা, উৎসাহ ও ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে আজ শনিবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্টেডিয়ামে বিএনসিসি ক্যাডেট এবং স্কাউটসদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ডিসপ্লে উপভোগ করেন।
৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে ঐতিহাসিক তাৎপর্যময় দিন। আজ থেকে ৫১ বছর আগে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর অর্থাৎ আজকের এই দিনে দেশের সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা রুখে দিয়েছিলো। দেশের বিশৃঙ্খল পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে ইতিহাসের বরপুত্র হয়ে ওঠেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। ৭ নভেম্বর সিপাহী ও জনতার ঐক্যবদ্ধ বিপ্লবই প্রতি বছর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা কর্তৃক বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ও বাংলাদেশ স্কাউটস-কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ইতিহাস উপস্থাপনের দায়িত্ব দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ৩০০০ জন ক্যাডেট ও বাংলাদেশ স্কাউটস এর ৫০০ জন স্কাউটস অংশগ্রহণ করেন। এই ডিসপ্লে অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রণাঙ্গন থেকে রাষ্ট্রনায়ক হওয়ার ইতিহাস। দ্বিতীয় পর্বে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতার অনির্বাণ যাত্রা এবং তৃতীয় পর্বে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জাতীয়তাবাদের পরম্পরা ফুটিয়ে তোলা হয়।
অনুষ্ঠানে প্রধানন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সচিববৃন্দ এবং সামরিক ও অসামরিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ক্যাডেট ও স্কাউটস সুশৃঙ্খল পরিবেশনা, নিখুঁত শারীরিক কসরত এবং দলগত সমন্বয় উপস্থিত অতিথিবৃন্দের ভূয়সী প্রশংসা অর্জন করে।
প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশ গঠনে তরুণদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ক্যাডেট ও স্কাউটসদের
চমৎকার পরিবেশনার জন্য তাঁদের ধন্যবাদ জানান।