বিশেষ প্রতিবেদন :
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের ১নং টিমের পুলিশ পরিদর্শক জনাব হাছান আকতার আহমেদ ও জনাব আফতাব হোসেনের নেতৃত্বে ডিবি টিম-৩১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮/১১/২০২৬ ইং তারিখে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে চোর চক্রের সদস্য ০১। শওকত আলী (৪২), পিতা- মৃত দেলোয়ার হোসেন, মাতা- মিসেস বানু বেগম, সাং- মোহাম্মদপুর রেলগেট, নাহার মঞ্জিল, থানা- পাঁচলাইশ, জেলা- চট্টগ্রাম। বর্তমান ঠিকানা- নোয়াপাড়া চৌধুরীহাট বাজারের উত্তর পাশে ইয়াকুব আলীর বাড়ি, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম, ০২। আবু তৈয়ব আলী (২৯), পিতা- মৃত নূর মোহাম্মদ, মাতা- নূর বেগম, সাং- তবলছড়ি পোড়া বাহার চৌধুরীর বাড়ি, থানা- সদর, জেলা- রাঙ্গামাটি দ্বয়কে গ্রেফতার করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন সাগরিকা সেনবাড়ি রোডে আবু মেস্ত্রীর গ্যারেজে অভিযান পরিচালনা করে একটি পুরাতন নম্বরবিহীন EICHER ড্রাম ট্রাক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়িটির মডেল- EICHER TERRA25, ইঞ্জিন নম্বর- 11F63152870 এবং CMVRTR NO- AAF NO-194। গাড়িটির আনুমানিক মূল্য ৭০,০০,০০০/- (সত্তর লক্ষ) টাকা। এসময় গ্যারেজের মিস্ত্রি ০৩। আব্বাস উদ্দিন প্রকাশ আবু মেস্ত্রী (৫৮), পিতা- মৃত সৈয়দুর রহমান, মাতা- মৃত সুলতানা বিবি, সাং- দোহাজারী পৌরসভা, আবুল মেম্বার বাড়ি, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম, বর্তমান ঠিকানা- সাগরিকা সেনবাড়ি রোড, আবু মেস্ত্রীর গ্যারেজ, থানা- পাহাড়তলী, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে নিজেদের হেফাজতে গ্রহণ করে পরবর্তীতে বিভিন্ন খণ্ডাংশে বিভক্ত করে বিক্রয় করে থাকে। ১নং আসামি শওকত আলী চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি গাড়ি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের প্ররোচনা দিয়ে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ১নং আসামি শওকত আলীর প্ররোচনায় ২নং আসামি আবু তৈয়ব আলী গত ২৫/১০/২০২৬ ইং তারিখে ঢাকা থেকে উক্ত গাড়িটি চুরি করে। পরবর্তীতে বিষয়টি ১নং আসামি শওকত আলীকে জানালে সে গাড়ি পরিবহনের জন্য একটি রোবট গাড়ি (যার মাধ্যমে গাড়ি পরিবহন করা হয়ে থাকে) ঢাকায় পাঠায়। ২নং আসামি আবু তৈয়ব আলী চুরি করা গাড়িটি চট্টগ্রাম শহরে নিয়ে এসে বিক্রয়ের উদ্দেশ্যে ১নং আসামি শওকত আলীর কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ১নং আসামি শওকত আলী ৩নং আসামি আব্বাস উদ্দিন প্রকাশ আবু মেস্ত্রীর মাধ্যমে গাড়িটি বিভিন্ন খণ্ডাংশে খুলে বিক্রয়ের পরিকল্পনা করে। এ উদ্দেশ্যে গাড়িটি পাহাড়তলী থানাধীন সাগরিকা সেনবাড়ি রোডে দরবার আয়রন মার্টের পাশে অবস্থিত আবু মেস্ত্রীর গ্যারেজে রাখা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।