বিশেষ প্রতিবেদন :
মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের মূল আসামি ও তার সহযোগীকে ভারত সীমান্ত থেকে গ্রেফতার করেছে সিআইডি; নিহতের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার
যশোরের মনিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ও তাকে ভারতে পালাতে সহায়তাকারী সহযোগীকে গ্রেফতার করেছে সিআইডি। সিআইডির কুইক রেসপন্স টিম সাতক্ষীরার কলারোয়া থানাধীন ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন ১। মিঠুন ধর (৩২), পিতা-বিষ্ণুপদ ধর, সাং-মহিষদিয়া মধ্যপাড়া, থানা-মনিরামপুর, জেলা-যশোর এবং ২। মো. হান্নান গাজী (৬৪), পিতা-মৃত জব্বার গাজী, সাং-দক্ষিণ ভাদিয়ালী, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা।
গত ০৭/১১/২০২৬ খ্রি. তারিখে যশোর জেলার মনিরামপুর থানাধীন মহিষদিয়া হেলারের ঘাট ব্রিজের পাশে মুক্তেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধারের সংবাদ পেয়ে যশোর সিআইডির কুইক রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে নিহতের স্বজন ও স্থানীয়দের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তি রঞ্জন মণ্ডল (৬০), পিতা-মৃত হরিপদ মণ্ডল, সাং-কালিচরণপুর, থানা-কেশবপুর, জেলা-যশোর।
প্রাথমিক তদন্তে জানা যায়, গত ০৬/১১/২০২৬ খ্রি. তারিখ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার পর নিহত রঞ্জন মণ্ডল কাটাখালী বাজারে স্থানীয় পল্লী চিকিৎসক মিঠুন ধরের চেম্বারে যান। ওই দিন বিকেল আনুমানিক ১৬:০০ ঘটিকায় তাঁকে সর্বশেষ কাঁচারিবাড়ি বাজারে দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনুসন্ধানে হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে মিঠুন ধরকে শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, নিহতের স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী আত্মসাতের উদ্দেশ্যে মিঠুন ধর তাঁকে ইনজেকশন পুশ করে হত্যা করেন এবং লাশ বস্তায় ভরে মুক্তেশ্বরী নদীতে ফেলে দেন। পরবর্তীতে তিনি হান্নান গাজীর সহায়তায় সাতক্ষীরার কলারোয়া থানাধীন ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ অবস্থায় যশোর সিআইডির কুইক রেসপন্স টিম কলারোয়া থানা পুলিশের সহযোগিতায় ভাদিয়ালী গ্রামে অভিযান পরিচালনা করে উক্ত দুই আসামিকে গ্রেফতার করে।
পরবর্তীতৈ গ্রেফতারকৃত মূল আসামি মিঠুন ধরের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি ও ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে নিহতের ব্যবহৃত স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি, স্মার্টফোন এবং লাশ বহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া কাটাখালী বাজারে অবস্থিত আসামির দোকান থেকে নিহতকে ইনজেকশন দেওয়ার কাজে ব্যবহৃত খালি অ্যাম্পুলও উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ভাতিজা দেবাশীষ মণ্ডল (৩৮) বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা (মনিরামপুর থানার মামলা নং-০৯, তারিখ-০৮/১১/২০২৬ খ্রি., ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড) দায়ের করেন। গ্রেফতারকৃত দুই আসামিকে গত ০৮/১১/২০২৬ খ্রি. তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।