বিশেষ প্রতিবেদন :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গুলশান কার্যালয়ে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সুসংহত ও টেকসই করার লক্ষ্যে আইআরআই-এর চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং গণতান্ত্রিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ, উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), জনপ্রশাসন মন্ত্রণালয়; জনাব মাহদী আমিন, উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র; ব্যারিস্টার জাহরাত আদিব চৌধুরী এমপি, জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি; এবং মাহমুদা হাবীবা এমপি।
আইআরআই-এর পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন জন ফ্লুহার্টি, রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর, সোনিজা গ্লোয়েকল, আইআরআই-এর সিনিয়র ডিরেক্টর, সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ, রুখসানা হক, টেকনিক্যাল এডভাইজার এবং অমিতাভ ঘোষ।