বিশেষ প্রতিবেদন :
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি কক্সবাজার গণপূর্ত বিভাগের চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে গণপূর্ত অধিদপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আবু হানিফ, চট্টগ্রাম গণপূর্ত সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. লতিফুল ইসলাম, কক্সবাজার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রিশাদ উন নবী এবং সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীরা। এ সময় কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুজিবুল হক উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী কক্সবাজার গণপূর্ত অধিদপ্তরের কক্সবাজার অফিসে বৃক্ষরোপণ করেন।