বিশেষ প্রতিবেদন :
নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা হান্নান মোল্লা অসুস্থ হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হৃদরোগজনিত জটিলতার আশঙ্কায় বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ)-তে অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
হান্নান মোল্লার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু আজ সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি হান্নান মোল্লা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রোগীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
ডা. বিটু রোগীর সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আহ্বান জানান। তিনি হান্নান মোল্লার দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে হান্নান মোল্লার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ফলাফল পাওয়ার পর তাঁর স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
এ সময় ডা. বিটুর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মো. সারোয়ার হোসেন; ডা. জহিরুল ইসলাম জহির; ডা. রাশেদুল হাসান রিপন; ডা. শাহ মো. সামিউর রহমান; ডা. মাহমুদ আলী বাবু; ডা. মো. হাফিজুর রহমানসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
সোমবার ০১ জুন, ২০২৬।
জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, ঢাকা।