বিশেষ সংবাদ :
(জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা)
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামে ঘাস কাটার মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখ (৬২) নামে এক ব্যক্তির মৃ”ত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নি”হত বারেক শেখ বনগ্রামের মৃত আব্দুল আজিজ শেখ ও মৃত খদেজান বেগমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বারেক শেখ নিজ বাড়িতে বৈদ্যুতিক ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটছিলেন। একপর্যায়ে বিদ্যুৎ চলে গেলে তিনি মেশিনটি বন্ধ রাখেন। পরে বিদ্যুৎ আসার পর মেশিনের সুইচ চালু করার সময় পাশে থাকা টিনের বেড়ার সঙ্গে বৈদ্যুতিক তারের সংস্পর্শ ঘটে। এতে টিনের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে যায়। অসাবধানতাবশত তিনি টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশের এসআই আকবর মিয়া ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।