বিশেষ সংবাদ :
(রূপগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১টি দেশীয় পাইপ গানসহ ইমন খলিফা (২৬) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এফরান খান।
গ্রেফতারকৃত ইমন খলিফা ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার তারাবুনিয়া গ্রামের মধু খলিফার ছেলে। সে বর্তমানে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে বসবাস করে আসছিল।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সশস্ত্র সন্ত্রাসী মো. ইমন খলিফাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা অজ্ঞাতনামা আরও ১ জন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ নম্বর ব্লকের একটি ভবনের সিলিংয়ের উপর থেকে ১টি দেশীয় পাইপ গান উদ্ধার করা হয়।
ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে উদ্ধারকৃত আলামতসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।