বিশেষ সংবাদ :
(রূপগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ১ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। তারাবো পৌরসভার বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা, পূজা মণ্ডপ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের হাতে এসব অনুদানের চেক তুলে দেওয়া হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “রূপগঞ্জবাসীর জন্য কাজ করতেই ১৭ বছর নানা অত্যাচার-নির্যাতন সহ্য করেছি। আমার লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং রূপগঞ্জকে একটি আধুনিক ও উন্নত এলাকা হিসেবে গড়ে তোলা।”
তিনি বলেন, “তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন, আর রূপগঞ্জের মানুষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তাঁর দিকনির্দেশনায় রূপগঞ্জকে দেশের অন্যতম উন্নত এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।”
এমপি দিপু আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদের তত্ত্বাবধানে জেলা পরিষদ থেকে তারাবো পৌরবাসীর জন্য এই ১ কোটি টাকার অনুদান আনা হয়েছে। এ অর্থ ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।