বিশেষ সংবাদ :
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হামিউস সুন্নাহ মেখল মাদ্রাসার মুহতামিম, প্রবীণ আলেমে দ্বীন ও শিক্ষাবিদ মাওলানা উসমান ফয়েজী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ স্বাক্ষরিত এক শোকবার্তায় হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এই শোক ও সমবেদনা জানান।
যৌথ শোকবার্তায় শীর্ষ নেতৃদ্বয় বলেন, “মাওলানা উসমান ফয়েজী (রহ.) ছিলেন দ্বীনি ইলম, তালিম-তারবিয়ত ও উম্মাহর খেদমতে এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। দীর্ঘ সময় ধরে মেখল মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে তিনি ইসলামী শিক্ষার প্রসার ও অসংখ্য যোগ্য আলেম গঠনে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর অর্পিত দায়িত্ব ও খেদমতের মাধ্যমে দেশ একজন খাঁটি আলেমে দ্বীন ও সমাজসংস্কারককে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
নেতৃদ্বয় মরহুমের ইন্তেকালে শোকাহত পরিবার, সহকর্মী, ছাত্র ও ভক্ত-অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে আল্লাহর দরবারে তাঁর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন—মহান আল্লাহ যেন তাঁর সকল দ্বীনি খেদমত কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং পরিবারকে এই অপূরণীয় ক্ষতিতে ধৈর্য ধারণের শক্তি (সবরে জামীল) দান করেন।