বিশেষ সংবাদ :
(বাগেরহাট মোংলা থেকে এম এ হান্নান)
সবুজ বাংলাদেশ গঠনে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে জোর দেওয়ার দাবি জানানো হয়েছে মোংলায় অনুষ্ঠিত এক মানববন্ধনে। ১৭ সেপ্টেম্বর সকালে মোংলার দক্ষিণ কাইনমারিতে “নবায়নযোগ্য জ্বালানি, এখনই” ক্যাম্পেইনের অংশ হিসেবে কোস্টাল ট্রাভার্স মাসফিকুল হাসান টনির একক পদযাত্রায় সংহতি জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও সুন্দরবন রক্ষায় আমরা যৌথভাবে এটি আয়োজন করে।
ধরা’র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কোস্টাল ট্রাভার্স মাসফিকুল হাসান টনি, কমলা সরকার, রত্না শেখ, আবু হাসান প্রমুখ। বক্তারা বলেন, কয়লা ও জীবাশ্ম জ্বালানি পরিবেশ এবং অর্থনীতির জন্য ক্ষতিকর। খাসজমি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও রেললাইনের পাশে সোলার পার্ক স্থাপনের পরামর্শ দিয়ে তারা নবায়নযোগ্য জ্বালানি সামগ্রীর ওপর থেকে সব শুল্ক প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, জ্বালানি নিরাপত্তা, নিরাপদ পানি ও জলবায়ু ন্যায্যতার দাবিতে ১৪ সেপ্টেম্বর শ্যামনগর থেকে শুরু হওয়া মাসফিকুল হাসান টনির ১৯ দিনব্যাপী উপকূলীয় পদযাত্রাটি টেকনাফের শাহপরীর দ্বীপে গিয়ে শেষ হবে।